আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ঘোষণা উসমান খাজার

অ্যাশেজ সিরিজের শেষ টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার উসমান খাজা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই খেলবেন নিজের কেরিয়ারের শেষ টেস্ট, যে মাঠে প্রায় দেড় দশক আগে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। ৮৭ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে সিডনি টেস্টে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী খাজা।

সিডনিতে এক সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে খাজা বলেন, ‘পুরোপুরি না হলেও এটা নিয়ে আমি ভাবছি কিছু দিন ধরে। এই সিরিজ শুরুর সময়ই মাথায় ঘুরছিল, এটিই হবে আমার শেষ সিরিজ। র‌্যাচেলের (স্ত্রী) সঙ্গে বেশ আলোচনা করেছি এটা নিয়ে। যদিও দুয়ার পুরোপুরি বন্ধ করিনি, কারণ এটাও জানতাম যে, খেলা চালিয়েও যেতে পারি। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে (কোচ) যখন কয়েক দিন আগে বললাম, তখনও তিনি ভাবছিলেন, আমাকে আগামী বছর ভারত সফরে রাখা যায় কিনা।’

spor

স্ত্রী র‌্যাচেল, দুই মেয়ে, বাবা ও স্বজনদের পাশে নিয়ে খাজা আরও বলেন, ‘আমি খুবই খুশি যে নিজের ইচ্ছায় বিদায় বলতে পারছি কিছুটা মর্যাদা নিয়ে এবং সিডনিতে শেষ করতে পারছি, যে মাঠকে আমি ভালোবাসি। সিরিজের শুরুর সময়টা ছিল বেশ কঠিন। এরপর অ্যাডিলেডের স্কোয়াডে ফেরা এবং শুরুতে একাদশে জায়গা না পাওয়া, সেটিই ছিল আমার জন্য ইঙ্গিত যে, সময় হয়েছে সামনে তাকানোর।’

পরিসংখ্যানের বিচারে উসমান খাজা অস্ট্রেলিয়ার অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ৮৭ টেস্টের দীর্ঘ কেরিয়ারে ৪৩.৩৯ গড়ে তিনি ১৬টি সেঞ্চুরিসহ ৬২০৬ রান সংগ্রহ করেছেন। চলমান অ্যাশেজ সিরিজে ৫ ইনিংসে ১৫৩ রান করা খাজা ফর্ম এবং পিঠের ইনজুরি নিয়ে কিছুটা চাপের মুখে ছিলেন।

usman.jpg2

কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তাকে আরও কিছুদিন খেলে যাওয়ার অনুরোধ করলেও, খাজা নিজের প্রিয় মাঠ সিডনিতে সসম্মানে বিদায় নেওয়াকেই শ্রেয় মনে করেছেন। তিনি জানিয়েছেন, অ্যাডিলেড টেস্টের দলে শুরুতে জায়গা না পাওয়াটাই তার জন্য সরে দাঁড়ানোর একটি বড় সংকেত ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও তিনি ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ এবং কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ডে খেলা চালিয়ে যাবেন।