কলকাতা: বিশ্ব হিন্দু পরিষদের মুখপত্র ‘বিশ্ব হিন্দু বার্তা’ (Viswa Hindu Barta) তাদের ৫০তম বর্ষ উদযাপন করল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। শনিবার, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে পত্রিকার পরিচালনা, প্রচার ও প্রসার সমিতির উদ্যোগে এই সুবর্ণ জয়ন্তী বর্ষের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের প্রদেশ ও জাতীয় স্তরের বিশিষ্ট কার্যকর্তারা, পাশাপাশি লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরাও যোগ দেন।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান শ্রী হরিমোহন বাঁগড়। অনুষ্ঠানের মুখ্য অতিথি ও বক্তা ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী বজরঙ্গলাল বাগড়া। এছাড়াও সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি শ্রী অরুণ চুড়িওয়াল-এর উপস্থিতি অনুষ্ঠানকে আরও বিশেষ করে তোলে।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পত্রিকার সম্পাদক ড. জয়ন্ত বিশ্বাস। বিকেল ৪টে নাগাদ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রথমেই অতিথিদের হাত দিয়ে ‘বিশ্ব হিন্দু বার্তা’-র ৫১তম বর্ষের প্রথম সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রী স্বপন মুখার্জি পত্রিকার প্রতিষ্ঠা ও তার দীর্ঘ পথচলার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি স্মরণ করেন পত্রিকার প্রথম সম্পাদক প্রয়াত অরুণ ভট্টাচার্য এবং সত্যরঞ্জন গিরি-র মতো ব্যক্তিত্বদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের কথা, যাঁদের হাত ধরেই এই পত্রিকার যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে অসুস্থতার কারণে সত্যরঞ্জন গিরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় স্বপন মুখার্জি আক্ষেপ প্রকাশ করেন।
প্রচার সংখ্যায় সাফল্য
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব হিন্দু পরিষদের সারা ভারতের মুখপত্রগুলির মধ্যে বাংলা মুখপত্র ‘বিশ্ব হিন্দু বার্তা’ বর্তমানে প্রচার সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। পত্রিকার বর্তমান প্রচার সংখ্যা ৫ হাজার অতিক্রম করেছে। প্রথম স্থানে রয়েছে হিন্দি মুখপত্র ‘বিশ্ব বার্তা’। এই উল্লেখযোগ্য সাফল্য উপস্থিত দর্শক, লেখক এবং শুভানুধ্যায়ীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও আলোচনার জন্ম দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বিশ্ব হিন্দু পরিষদ’-এর দক্ষিণবঙ্গের সভাপতি শ্রী সুবীর সান্যাল, সম্পাদক শ্রী চন্দ্রনাথ দাস, সহ-সভাপতি ও ‘বিশ্ব হিন্দু বার্তা’-র উপদেষ্টা শ্রী দিলীপ ঝাঁওয়ার, এবং পত্রিকার প্রচার ও প্রসার সমিতির কার্যকর্তা শ্রী জয়ন্ত ভৌমিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রথীন্দ্র মঞ্চের সভাঘরে প্রায় দুই শতাধিক দর্শক এই সুবর্ণ জয়ন্তী উৎসবের সাক্ষী হন।










