জমিতে লাঙ্গল দিতে গিয়ে ট্রাক্টারের ফালে ছিন্ন ভিন্ন চাষির দেহ, শোকের ছায়া শালবনীতে

 

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: অপূর্ণই থেকে গেলো এবারের আমন চাষ। জমিতে লাঙ্গল দিতে গিয়ে ট্রাক্টারের ফালে আহত হয়ে মৃত্যু হল এক চাষীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর নেড়ে বালিবাঁধ এলাকায়। মৃত ওই চাষীর নাম সুভাষ মাল (৩২)। বাড়ি ওই গ্রামেই।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত সুভাষ এদিন গ্রামেরই বাসিন্দা অর্ণব মাহাতোর ট্রাক্টর নিয়ে এদিন বারোটা নাগাদ নিজের জমি লাঙ্গল করাচ্ছিলেন। সেই সময় মৃত ব্যাক্তি মদ্যপ অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দারা জানান মদ্যপ অবস্থাতেই সুভাষ ট্রাক্টারের চালকের পাশে বসে ছিল। চালক বার বার তাকে নীচে নামার অনুরোধ করে সে নীচে নামলেও আবার ট্রাক্টারের উপর উঠে পড়ে। তখনই ট্রাক্টার থেকে নামতে গিয়ে সুভাষের পরনের লুঙ্গি তারই অসাবধানবশত ট্রাক্টারের ফালে আটকে যায়। সঙ্গে সঙ্গে ট্রাক্টারের ফালের মধ্যে সে প্যাঁচিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে এই মর্মান্তিক ঘটনার পরই চালক বেপাত্তা হয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়৷ উদ্ধার করে নিয়ে যায় ঘাতক ট্রাক্টারটিকেও৷ অকস্মাৎ এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here