ফের দর্শনার্থীদের জন্য খুলছে বেলুড় মঠ, নিয়মগুলো জেনে নিন

নিজস্ব প্রতিনিধি: পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য সুখবর। সর্বসাধারণের জন্য বেলুড় মঠ খুলতে চলেছে আজ, ১০ ফেব্রুয়ারি থেকে। আজ থেকে মঠের প্রধান ফটক খোলা হবে। সকালে সাড়ে ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেলে সাড়ে ৩টে থেকে সোয়া ৫টা পর্যন্ত দর্শনার্থীরা ভিতরে ঢুকতে পারবেন। প্রধান ফটক খোলার আগে এদিন সকাল থেকেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

গেটে ঢোকার মুখে সাদা রং দিয়ে মার্ক করা হচ্ছে। কোভিড় এড়াতে দূরত্ব-বিধি সকলকেই মানতে হবে। সঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক। গেটে থাকছে স্যানিটাইজার, থার্মাল গান। তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি হাত স্যানিটাইজ করতে হবে।
তবে এই মুহূর্তে মিউজিয়াম বন্ধ থাকবে। মঠে বসে প্রসাদ গ্রহণ অর্থাৎ নরনারায়ণ সেবাও বন্ধ থাকবে। মঠে সন্ধ্যারতি দর্শন করা যাবে না।
করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিকের পথে। সবদিক খতিয়ে দেখেই মঠের অছি পরিষদ আজ থেকে মঠ খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আনলকের পর প্রায় দেড় মাস খোলা রাখা হয়েছিল বেলুড় মঠ।

কিন্তু মঠের প্রবীণ সন্ন্যাসীদের অনেকেই কোভিড আক্রান্ত হওয়ার কারণে ফের মঠ বন্ধ রাখতে হয়। এর পর ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। মঠ এখন সম্পূর্ণ গ্রিন জোন। এই অবস্থায় দ্বিতীয় দফায় আজ থেকেই খুলতে চলেছে বেলুড় মঠ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here