খড়দহে লরির চাকায় পিষ্ট এক সাইকেল আরোহী

মৃত সাইকেল আরোহী মিঠুন বাসফোর ।

সৌভিক সরকার,বারাকপুরঃ কাজ শেষ করে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে খড়দহ ইলেক্ট্রোস্টিল কারখানার সামনে   বিটি রোডের ওপর। মৃত যুবকের নাম মিঠুন বাসঁফোর(২৪)। তাঁর বাড়ি গারুলিয়া পুরসভার ৩নম্বর ওয়ার্ডের শ্যামনগর গভঃমেন্ট কোয়ার্টার এলাকার সি ব্লকের ৪৮ নম্বরে ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে মিঠুন বাসঁফোর(২৪)নামে ওই যুবক সোদপুর থেকে কাজ সেরে সাইকেল চালিয়ে শ্যামনগরে বাড়ি ফিরছিলেন সেই সময় খড়দহ ইলেক্ট্রোস্টিলের কাছে পিছন দিক দিয়ে এসে একটি লরি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। তবে চালক পলাতক।

স্থানীয় পিনাকী বাবু জানান, বাড়ির একমাত্র রোজগেরে মিঠুন সোদপুর হাউজিং ডিপার্টমেন্টে ঠিকাদারি কর্মী হিসেবে কাজ করছিলেন বছর দুয়েক আগে থেকে। বাড়িতে তার মা এবং সাত মাসের সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়েই সংসার মিঠুনের।   আগে ট্রেনে করে যাতায়াত করলেও এই করোনা বিভীষিকার লকডাউনের জেরে সাইকেল নিয়েই প্রত্যেকদিন কাজে যেত। মিঠুনের বাবা গ্রুপ ‘ডি’ কর্মী থাকার সুবাদে ওই গভঃমেন্ট কোয়ার্টারেই থাকতেন।

বাবা মারা যাওয়ার পর আর অন্য কোথাও না গিয়ে মিঠুনও তার মাকে নিয়ে এখানেই থাকা শুরু করে।বছর খানেক আগেই বিয়ে করে মিঠুন।পাড়ার সকলের সাথে মিশে চলাফেরা করত বলে জানান পিনাকী বাবু। তার এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে শ্যামনগর গভঃমেন্ট কোয়ার্টারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here