ডিলিট করা হলো কঙ্গনার টুইট

নিউজ ডেস্ক: গত দু’ঘণ্টায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের দু’টি টুইট ডিলিট করল টুইটার। ‘হেট স্পিচ’ সংক্রান্ত বিধি ভঙ্গের অভিযোগে টুইট দু’টি ডিলিট করা হয়। অতীতে তাঁকে সাময়িক ভাবে সাসপেন্ড করেছিল টুইটার। সে বার একটি টেলিভিশন শো-এর প্রযোজকের মুন্ডু কেটে নেওয়ার নিদান দিয়েছিলেন ‘কুইন’-তারকা। কারণ, তাঁর মনে হয়েছিল, ওই শো হিন্দুদের অসম্মান করেছে।
এ বার ফের তাঁর দু’টি টুইট ডিলিট করে বিবৃতি দিয়ে টুইটার জানিয়েছে — টুইটারের নিয়ম ভাঙায় টুইটগুলি ডিলিট করা হয়েছে।
দিল্লি সীমানায় কৃষকদের আন্দোলনের প্রসঙ্গে নীরবতা নিয়ে প্রশ্ন তুলে পপ তারকা রিহানার টুইটের প্রেক্ষিতে গায়িকাকে আক্রমণ করেছিলেন কঙ্গনা। মঙ্গলবার আন্দোলনকারী কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ এবং রিহানাকে ‘বুদ্ধু’ বলেছিলেন অভিনেত্রী। তার দু’দিন বাদে টুইট ডিলিটের পদক্ষেপ। এরই মধ্যে এক টুইটার ব্যবহারকারী অতীতে রিহানার গানের প্রশংসা করে কঙ্গনার টুইট তুলে ধরায় তাঁকেও রেয়াত করেননি বলিউডের এই তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here