WB Election2026: লক্ষ্য নবান্ন: ক্ষমতায় এলে ৩০০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা ও অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি শাহের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬-এর বিধানসভা মহাযুদ্ধের আগে বড় চমক বিজেপির। শুক্রবার কলকাতায় দলের নির্বাচনী ইস্তাহার তথা ‘সংকল্পপত্র’ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা হিসেবে মাসে ৩০০০ টাকা ভাতা এবং ক্ষমতায় আসার ছ’মাসের মধ্যে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করার মতো একগুচ্ছ মেগা প্রতিশ্রুতি দিলেন তিনি।

মহিলাদের জন্য বড় ঘোষণা: ৩০০০ টাকা ভাতা ও বিনামূল্যে বাস পরিষেবা

রাজ্য রাজনীতির অন্যতম প্রধান হাতিয়ার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-কে কার্যত দ্বিগুণ করার চ্যালেঞ্জ ছুড়ল গেরুয়া শিবির। শাহ ঘোষণা করেন:

.ভাতা বৃদ্ধি: বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ৩০০০ টাকা করে ভাতা দেওয়া হবে, যা প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে।

.বিনামূল্যে সফর: সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন।

.সংরক্ষণ ও সম্মান: পুলিশ-সহ সমস্ত রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মাতঙ্গিনী হাজরা ও রানি রাসমনি নামে রাজ্য পুলিশের দুটি বিশেষ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে।

কর্মসংস্থান ও যুবকদের জন্য ‘মাস্টারস্ট্রোক’

বেকারত্ব দূর করতে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। উল্লেখযোগ্য ঘোষণাগুলির মধ্যে রয়েছে:

.বেকার ভাতা: রাজ্যে বেকার যুবক-যুবতীদের মাসিক ৩০০০ টাকা বেকার ভাতা দেওয়া হবে।

.পরীক্ষার্থীদের বৃত্তি: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ১৫,০০০ টাকা এককালীন বৃত্তি দেওয়া হবে।

.চাকরিতে বয়সের ছাড়: নিয়োগ দুর্নীতির কারণে যারা গত কয়েক বছর বঞ্চিত হয়েছেন, তাঁদের জন্য বয়সের উর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় দেবে বিজেপি। বিশেষত ২০১৫ সাল থেকে বঞ্চিত চাকরিপ্রার্থীদের ওপর বাড়তি জোর দেওয়া হবে।

৬ মাসেই অভিন্ন দেওয়ানি বিধি ও অনুপ্রবেশ মুক্ত বাংলা

অমিত শাহ এদিন স্পষ্ট ভাষায় জানান, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি বা UCC কার্যকর করা হবে। পাশাপাশি সুর চড়িয়ে তিনি বলেন, “প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করা হবে।” গরু পাচার রুখতেও কড়া ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

উত্তরবঙ্গ ও শিল্প উন্নয়নে নয়া দিশা

উন্নয়নের প্রশ্নে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়েছে সংকল্পপত্র। শাহের প্রতিশ্রুতি:

উত্তরবঙ্গে গড়ে তোলা হবে এইমস (AIIMS)

.আইআইটি, আইআইএম, ক্যানসার হাসপাতাল এবং একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে উত্তরবঙ্গে।

.রাজ্যে ৪টি বড় শিল্প শহর বা ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরি হবে, যার একটি হবে প্রতিরক্ষা সংক্রান্ত।

সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে শাহ ঘোষণা করেছেন, বিজেপি সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। এছাড়া রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’-সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের কথাও জানানো হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্র

তৃণমূল জমানার একাধিক কেলেঙ্কারি নিয়ে কড়া অবস্থান নিয়ে শাহ বলেন, ক্ষমতায় এলে গত কয়েক বছরের দুর্নীতি নিয়ে ‘শ্বেতপত্র’ প্রকাশ করবে বিজেপি।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সামাজিক প্রকল্প ও হিন্দুত্ববাদী অ্যাজেন্ডার মিশেলে তৈরি এই সংকল্পপত্র দিয়ে মতুয়া ভোট থেকে শুরু করে মহিলা ও শিক্ষিত বেকার—সব শিবিরকেই কাছে টানার কৌশল নিয়েছে বিজেপি। এখন দেখার, এই হাই-ভোল্টেজ প্রতিশ্রুতি বাংলার মানুষের মন কতটা জয় করতে পারে।