হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের নতুন শর্ত কি যুক্তরাষ্ট্র মেনে নেবে?

যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংঘাত এড়ানো এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার নতুন প্রস্তাবটি বিবেচনা করছে , কিন্তু পারমাণবিক নিরাপত্তার বিষয়ে কোনো আপস করতে তারা রাজি নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে প্রস্তাবটি প্রত্যাশার চেয়ে ভালো বলে মনে হচ্ছে, কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন যে পারমাণবিক আলোচনা স্থগিত করার ইরানের শর্তে সম্মত হওয়া কঠিন।

ইরানের প্রস্তাবে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়, তবে তারা যুদ্ধ বন্ধ করতে এবং হরমুজ প্রণালী খুলে দিতে রাজি আছে। পারমাণবিক বিষয়টি নিয়ে পরে আলোচনা করা যেতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল এই প্রস্তাবটি নিয়ে আলোচনা করছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, ইরানের সঙ্গে যেকোনো ভবিষ্যৎ চুক্তিতে অবশ্যই দেশটির পারমাণবিক অস্ত্র তৈরি প্রতিরোধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে, কোনো পর্যায়েই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হতে দেওয়া যাবে না। 

আমার মনে কোনো সন্দেহ নেই যে, ইরানের বর্তমান সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে তারা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র অর্জনের সিদ্ধান্ত নিতে পারে। একারণেই এটি আমাদের মোকাবেলা করার জন্য একটি মৌলিক বিষয়,” রুবিও বলেন। 

ইরান চুক্তি করতে আন্তরিক কিনা জানতে চাইলে রুবিও বলেন, “ইরানের আলোচকরা খুবই ধূর্ত। তারা নিজেদের জন্য কিছুটা সময় কেনার জন্যই এসব করছে। কিন্তু আমরা তাদের যেতে দেব না। আমরা নিশ্চিত করব যে, আমাদের মধ্যে হওয়া যেকোনো চুক্তি বা সমঝোতায় ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হওয়া থেকে বিরত রাখার বিধান অন্তর্ভুক্ত থাকবে।” 

উল্লেখ্য যে, ইরানের এই নতুন প্রস্তাবটি এমন এক সময়ে এসেছে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়া সফর করছিলেন। তবে, এই প্রস্তাবে রাশিয়ার কোনো ভূমিকা আছে কি না, তা স্পষ্ট নয়।