পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

বিজেপি বিধায়ক দলের নেতা শুভেন্দু অধিকারী শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল আর. এন. রবি শুভেন্দুকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক এই অনুষ্ঠানে যোগ দেন।

শুক্রবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধানে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের এক সভায় শুভেন্দু অধিকারী বিধানসভা দলের নেতা নির্বাচিত হন। পরে অমিত শাহ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করেন।

শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির সমগ্র শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিল। এনডিএ জোটের শরিক দলগুলির নেতা এবং মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। দলীয় নেতারা বলছেন, শীর্ষ নেতৃত্বের উপস্থিতি পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার গঠনের গুরুত্বকেই তুলে ধরে।

শুভেন্দুর পাশাপাশি, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামানিক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।