Baranagar: স্বাধীনতা দিবসে বরানগর পুলিশের উপহার! উদ্ধার ৩৭টি মোবাইল, মুখে হাসি প্রাপকদের

পল্লব হাজরা, বরানগর: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্মার্টফোনের ব্যবহার যেমন বাড়ছে, তেমনই বাড়ছে ছিনতাই ও চুরির ঘটনাও। তবে অভিযোগ পেলেই যে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, স্বাধীনতা দিবসের দিন তারই প্রমাণ দিল বরানগর থানার পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টানা তদন্ত চালিয়ে উদ্ধার করা হয়েছে মোট ৩৭টি মোবাইল ফোন। ১৫ অগাস্টের শুভলগ্নে সেইসব ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে তাঁদের মুখে হাসি ফোটাল প্রশাসন।

এসিপি সুবিন্দু সরকার জানান, বিভিন্ন সময় জমা পড়া অভিযোগের ভিত্তিতে বিশেষ তদন্ত চালিয়ে এই ৩৭টি ফোন উদ্ধার সম্ভব হয়েছে। স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে মানুষের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী তুলে দিতে পেরে পুলিশ প্রশাসনও আনন্দিত।

হারানো ফোন ফিরে পেয়ে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ ভুক্তভোগী আলমবাজারের বাসিন্দা শুভাঙ্খী খাঁ জানান, দুই বছর আগে পুজোর সময় তাঁর দামি ফোনটি চুরি হয়। থানায় অভিযোগ জানালেও দীর্ঘদিন পেরিয়ে যাওয়ায় আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন। এতদিন পর নিজের ফোন অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তিনি কার্যত আপ্লুত এবং বরানগর থানার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

পাশাপাশি বরানগর পুরসভার কর্মী পার্বতী দাস জানান, বহু কষ্টে টাকা জমিয়ে ফোনটি কিনেছিলেন, যা গত বছর অফিস থেকে চুরি হয়ে যায়। স্বাধীনতা দিবসের আগের রাতে পুলিশের ফোন পেয়ে নিজের কানকে বিশ্বাস করতে পারেননি তিনি। এদিন থানায় এসে ফোন হাতে নিয়ে তিনি জানান, সাধারণ মানুষের পুলিশের প্রতি ভরসা ও আস্থা অনেকটাই বেড়ে গেল।