Baranagar Murder: বরানগরে তরুণী খুনে কাল হল অনলাইন গেম!

পল্লব হাজরা, বরানগর: গত মঙ্গলবার বরানগর ১৭ নং ওয়ার্ডের লেকপল্লি এলাকায় দিদি-জামাইবাবুর ঘর থেকে উদ্ধার হয় বছর ছাব্বিশের তরুণী অঞ্জলী সাউয়ের নিথর দেহ। দেহের একাধিক জায়গায় ছিল আঘাতের চিহ্ন। মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। এমনকি তরুণীর গলায় ছিল ফাঁসের দাগ। দরজা ভেঙে শায়িত অবস্থায় দেখে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টায় আগের দিন জামাইবাবুর দিয়ে যাওয়া আবাসিক লতিকা মান্নার কাছ থেকে চাবি নিয়ে বন্ধ ফ্ল্যাটে ঢোকেন বছর ছাব্বিশের তরুণী। পরিবারের পক্ষ থেকে দীর্ঘক্ষণ ফোন করা হলে ফোন ছিল সুইচ অফ। পরে আবাসিকদের সঙ্গে পরিবার যোগাযোগ করলে দরজা ধাক্কা দিয়েও আবাসিকদের ডাকে সাড়া দেয়নি ওই তরুণী। বরানগর থানায় খবর গেলে পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে অঞ্জলীর দেহ। তরুণীর একাধিক অলঙ্কার ছিল নিখোঁজ। এমনকি ব্যবহার করা মোবাইলটিও ঘটনাস্থলে মেলেনি। পুলিশ তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজে অঞ্জলী ফ্ল্যাটে আসার কিছু সময় পর আসতে দেখা যায় এক যুবককে। বিকেল ৪টের সময় যুবক বেরিয়ে গেলেও তরুণীকে ফ্ল্যাট থেকে বেরতে দেখা যায়নি।

 

পরিবার সূত্রে খবর, একাধিকবার মেয়েকে সতর্ক করা হলেও মোবাইল গেমের প্রতি নেশা কাটিয়ে উঠতে পারেনি বছর ছাব্বিশের তরুণী। তরুণীর দাবি ছিল, শারীরিক অসুস্থতার জন্য ঘর থেকে তেমন একটা বেরোনো হয় না। তাই গেম খেলে একটু অবসর সময় কাটান। তবে এই গেম খেলাই যে কাল হয়ে উঠবে, তা বুঝে উঠতে পারেনি পরিবার।

বুধবার খুন হয়ে যাওয়া তরুণীর মোবাইল থেকে আচমকা পরিবারের কাছে আসতে থাকে একাধিক বার্তা। এমনকি তরুণীর মায়ের ফোনেও আসতে থাকে ফোন। খুনিকে ধরতে কোমর বেঁধে নামে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা ও বরানগর থানার পুলিশ। ফোনের টাওয়ার লোকেশনের উপর নজর রেখে খোঁজ চালায় তদন্তকারী দল। অবশেষে বৃহস্পতিবার দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে পুলিশের জালে ধরা পড়ে বছর তিরিশের ধরমবীর কুমার। পুলিশের প্রথম জেরায় খুনের কথা স্বীকার করেছে ধরমবীর, এমনটাই পুলিশ সূত্রে খবর। জেরায় উঠে আসে একাধিক তথ্য। গেমের মাধ্যমে আলাপ হয় তরুণীর সঙ্গে। তবে ধরমবীর অন্য কোনও ব্যক্তির সঙ্গে গেম খেলাটা একেবারেই মেনে নিত না মৃত তরুণী। এই নিয়ে একাধিকবার বচসা হয় দুজনের মধ্যে, এমনটাই খবর। রবিবার তরুণীর সঙ্গে দেখা করতে দক্ষিণেশ্বর সংলগ্ন একটি গেস্ট হাউসে ওঠে উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা, পেশায় ছুতোর মিস্ত্রি ধরমবীর। এরপর মঙ্গলবার তরুণীর সঙ্গে দেখা করার জন্য বরানগর লেকপল্লির ফ্ল্যাটে আসে ধরমবীর। তদন্তে উঠে এসেছে, খুনের পর সেদিন রাতে দক্ষিণেশ্বর গেস্ট হাউস থেকে সোজা হাওড়া স্টেশন, তারপর বিভূতি এক্সপ্রেস ট্রেন ধরে মোগলসরাই স্টেশনে নেমে ট্রেন পরিবর্তন করে ধরমবীর। অবশেষে দিল্লির আনন্দ বিহার স্টেশনে ফোনে চার্জ দেওয়ার সময় পুলিশের হাতে পাকড়াও হয় অভিযুক্ত। শুক্রবার দিল্লির কড়কডগুমা আদালতে তোলা হয় ধরমবীরকে। ধৃতকে তিন দিনের ট্রানজিট রিমান্ডে পেয়েছে পুলিশ।

তদন্তের দিকে তাকিয়ে পরিবার থেকে গোটা বরানগরবাসী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অস্থিরতার ছাপ সাধারণ মানুষের চোখে-মুখে। তবে সঠিক তদন্তের মধ্য দিয়ে পুলিশ খুনিকে খুঁজে বার করবে, পাশাপাশি খুনের কারণ প্রকাশ্যে আসবেই—একাধিকবার সংবাদমাধ্যমে জানিয়েছিলেন বিধায়ক সজল ঘোষ। পরিবার ও পুলিশের সঙ্গেও যোগাযোগ রেখেছিলেন বরানগরের বিধায়ক নিজে। তবে শুধুই কি গেম, নাকি সঙ্গে ছিল টাকার লেনদেন? এর আগেও কি তরুণীর সঙ্গে দেখা করেছিল ধরমবীর? খুনের সঙ্গে ধরমবীর একা, নাকি আরও কয়েকজন জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।