ভানুয়াতুতে রয়েছে অভিষেকের নিজস্ব দ্বীপ! মদন মিত্রের বিস্ফোরক দাবিতে উত্তাল রাজ্য রাজনীতি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব দ্বীপ রয়েছে— এমনই দাবি করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন মদন মিত্র। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

সূত্রের খবর অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মদন মিত্র দাবি করেছেন যে, ভানুয়াতুতে অভিষেকের একটি দ্বীপ রয়েছে এবং সেখানে বিনয় মিশ্র-সহ তাঁর ঘনিষ্ঠরা বসবাস করেন। অভিষেককে পরামর্শ দিয়ে মদন বলেন, আগামী পুরসভা নির্বাচন ছেড়ে দিয়ে তাঁর ওই দ্বীপে গিয়ে এক-দু’বছর থাকা উচিত এবং একেবারে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে ফেরার কথা ভাবা উচিত। মদনের মতে, আসন্ন নির্বাচনে অভিষেক সক্রিয় না থাকলে দলের ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল হবে।

পাশাপাশি, অভিষেকের চোখের চিকিৎসার জন্য আমেরিকা সফর এবং চার্টার্ড বিমান ব্যবহারের প্রসঙ্গ তুলেও কটাক্ষ করেন মদন মিত্র। তাঁর অভিযোগ, নদী ও নদীর চর দখল করে এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, দলের সর্বময় নেত্রীকে কেউ ব্যক্তিগত আক্রমণ করেন না, কিন্তু অভিষেকের কারণে তিনি পুরনো সঙ্গীদের ভুলে গিয়েছেন। মমতার কাছে তাঁর আর্জি, তিনি যেন অভিষেকের হাত থেকে দলের সাংগঠনিক দায়িত্ব নিজের হাতে ফিরিয়ে নেন। উল্লেখ্য, অতীতে নীরব মোদী, মেহুল চোকসি এবং বিনয় মিশ্রের মতো অভিযুক্তদের ভানুয়াতুতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে একাধিকবার চর্চা হয়েছে।

অন্যদিকে, মদন মিত্রের এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। দলের মুখপাত্র বৈশ্বানর চট্টোপাধ্যায় পাল্টা আক্রমণ করে বলেন, মদন মিত্র একেক সময় একেক মেজাজে থাকেন এবং কোন পরিস্থিতিতে তিনি এই মন্তব্য করেছেন তা খতিয়ে দেখা প্রয়োজন। বৈশ্বানরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া মদন মিত্রের পক্ষে পাড়ার কাউন্সিলর হওয়াও সম্ভব ছিল না। কিছুদিন আগে পর্যন্ত যিনি মমতা ও অভিষেককেই সব বলতেন, বর্তমানে বিজেপিকে খুশি করতেই তিনি এমন মন্তব্য করছেন বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এই বিতর্কে আসরে নেমেছে বিজেপিও। বিজেপি নেতা সায়ন্তন বসু মদন মিত্রের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় কার্যকলাপ মদন মিত্র আগে থেকেই জানতেন। সায়ন্তনের কটাক্ষ, বর্তমানে পরিস্থিতি প্রতিকূল বুঝে নিজেকে বাঁচাতেই মদনবাবু সত্যি কথাগুলো সামনে আনছেন।