শ্যুটিং সেরে আর বাড়ি ফেরা হল না, বরানগরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু টেলি অভিনেত্রীর

 

 

 

পল্লব হাজরা , বরানগর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর। জনপ্রিয় টিভি সিরিয়াল গৌরীতে সহ অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতেন সুচন্দ্রা দাশগুপ্ত। শনিবার রাতে অভিনয় শেষে অ্যাপ নির্ভর বাইকে চড়ে সোদপুরের বাড়ি ফিরছিলেন সুচন্দ্রা। স্থানীয় সূত্রের খবর, বরানগর ঘোষপাড়া আসতে ঘটে বিপত্তি।

 

বাইকের সামনে আচমকাই এক সাইকেল আরোহী চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় অভিনেত্রী সহ বাইক চালক। পিছন থেকে আসা লরি সুচন্দ্রার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় সুচন্দ্রার। হেলমেট পড়ে থাকা সত্ত্বেও চুরমার হয়ে যায় সেটি।

 

প্রত্যক্ষদর্শী সমীর পাল বলেন, গতকাল রাতে সিঁথির দিক থেকে ডানলপের দিকে যাচ্ছিল বাইকটি। বাইকে চালক সহ এক মহিলা ছিলেন। ঘোষপাড়ায় সেই সময় রাস্তা পার হচ্ছিল এক সাইকেল আরোহী। বাইকের সামনে সাইকেল চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইক চালক। রাস্তায় ছিটকে পড়ে বাইক চালক সহ মহিলা। পিছন থেকে আসা লরির চাকা মহিলার মাথার উপর দিয়ে চলে যায়।  তবে চালক ও মহিলা উভয়ের মাথায় ছিল হেলমেট।

 

ঘটনাস্থলে ছুটে এসে দেহটিকে উদ্ধার করে বরানগর থানার পুলিশ। ঘাতক লরি সহ চালকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার জেরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় ঘোষপাড়া অঞ্চল জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here