BiggBoss Bangla: দাদাগিরি থেকে বিগ বস: শান্ত দৃঢ়তায় সঞ্চালনার নতুন ‘অধিনায়ক’ সৌরভ

প্রণব বিশ্বাস: ‘বিগ বস বাংলা’-র মঞ্চে সঞ্চালক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে বিনোদন জগতে জল্পনা ছিল তুঙ্গে। মাঠের বাইশ গজে যিনি বরফশীতল মাথার জন্য পরিচিত, ড্রামা, ইগো এবং নিত্যদিনের কোন্দলে ভরা রিয়্যালিটি শোর প্রতিযোগী সামলাতে তিনি কতটা সফল হবেন— প্রশ্ন ছিল অনেকেরই। তবে সাম্প্রতিক উইকেন্ড পর্বগুলোতে সেই সব সংশয় এক ফুঁয়ে উড়িয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
বিগ বসের ঘরে অশান্তির পারদ যতই চড়ুক না কেন, নিজস্ব মেজাজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন সৌরভ। তাঁর চাবুক প্রশ্নের মুখে স্পষ্টতই ব্যাকফুটে প্রতিযোগী থেকে শুরু করে তাঁদের স্ট্র্যাটেজি। বিতর্ক তৈরি হলেও গলার স্বর না চড়িয়ে, কেবল যুক্তির ধার এবং শান্ত দৃঢ়তায় যেভাবে পরিস্থিতি সামলাচ্ছেন, তা এক কথায় নজরকাড়া। চঁচামেচি না করেও যে ব্যক্তিত্ব ও নিয়ন্ত্রণের দাপট বজায় রাখা যায়, তা সৌরভ তাঁর সঞ্চালনায় প্রতি মুহূর্তে প্রমাণ করছেন।Bigg Boss bangla
এই ভূমিকা স্বভাবতই মনে করিয়ে দিচ্ছে বাইশ গজের সেই চেনা সৌরভ গঙ্গোপাধ্যায়কে। চাপের মুখে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দলকে জয়ের দিশা দেখানো যাঁর সহজাত গুণ ছিল, ঠিক একই লিডারশিপ ইনস্টিঙ্কট এবার দেখা যাচ্ছে বিগ বসের মঞ্চেও। প্রতিযোগীরা ঘরে বসে নিজেদের মধ্যে যে সমীকরণ বা অ্যালায়েন্স তৈরি করছেন, সঞ্চালক হিসেবে সৌরভ কেবল তা পর্যবেক্ষণই করছেন না, প্রয়োজনে সরাসরি জবাবদিহি চাইতেও পিছপা হচ্ছেন না।
খেলা বা মঞ্চ পাল্টালেও অধিনায়কের সেই ‘অথরিটি’ যে একই রকম তাজা, তা বলা বাহুল্য। প্রতি সপ্তাহের সঙ্গে বিগ বসের ঘরের সমীকরণ যতই জটিল ও অনিশ্চিত হয়ে উঠছে, দর্শকদের চোখও ততই আটকে থাকছে শনি-রবির পর্বে। আগামী উইকেন্ডে সৌরভের দরবারে কার পালা আর কার স্ট্র্যাটেজি ভেঙে গুঁড়িয়ে যাবে, এখন সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।