নিজস্ব প্রতিনিধি, মঙ্গলকোট: মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কোগ্রামে মহাসমারোহে পালিত হলো পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের ১৪৩তম জন্মজয়ন্তী। কবির স্মৃতিধন্য এই পুণ্যভূমিতে আয়োজিত ‘কুমুদ সাহিত্য মেলা’র আসরে এদিন সমাজের বিভিন্ন স্তরের ১১ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি লাল্টু ঘোষ এবং শ্রীখণ্ড পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক মজুমদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোল্লা শফিকুল ইসলাম ও বিশ্ববন্ধু পাল।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যে সম্মাননাগুলি তুলে দেওয়া হয়:
. কুমুদ রত্ন: অধ্যাপক ডক্টর পার্থ কর্মকার (সভাপতি, উচ্চশিক্ষা পর্ষদ)।
. লোচনদাস রত্ন: পদ্মশ্রী প্রাপ্ত লোকসংগীত শিল্পী রতন কাহার।
. কাটোয়া মহকুমা রত্ন: সাংবাদিক প্রণব দেবনাথ।
. উত্তর ২৪ পরগণা জেলা রত্ন: অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদার।
. পরিবেশ রত্ন: প্রকৃতিরক্ষী সমরেন্দু চক্রবর্তী।
. মেমারি রত্ন: অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডক্টর অভয় সামন্ত।
. ভাতার রত্ন: গবেষক সম্রাট কুমার পাল।
. কালনা মহকুমা রত্ন: সাংবাদিক দ্বারকানাথ দাস।
. সমীর ভট্টাচার্য রত্ন: বিশিষ্ট লেখক অলক কুমার দত্ত।
. মমতা মন্ডল স্মৃতি পুরস্কার: পশুপ্রেমী টুম্পা রায়।
কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান, পল্লিকবির আদর্শ ও স্মৃতিকে অমলিন রাখতেই প্রতি বছর এই বিশেষ মেলার আয়োজন করা হয়। এবারও সমাজের বিভিন্ন স্তরের কৃতিদের সম্মান জানাতে পেরে তারা গর্বিত। মঙ্গলকোটের কোগ্রামে মাটির কবির এই জন্মদিনকে কেন্দ্র করে সারাদিন ছিল উৎসবের মেজাজ।








