Covid New Cases: বাংলার চোখ রাঙাচ্ছে কোভিড, আক্রান্ত সংখ্যা ৩০! সতর্ক করলেন চিকিৎসক

New variant Covid in Bengal

বাংলায় ফের চোখ রাঙাচ্ছে কোভিড (Covid New Cases)। এবার বাংলায় ওমিক্রনের নতুন প্রজাতির হদিশ পাওয়া গিয়েছে । কেপি২এ আক্রান্তদের হদিশ মিলল রাজ্যে । ওমিক্রনের নয়া প্রজাতিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩০ ৷ স্বাস্থ্য ভবন সূত্রে খবর, প্রায় চার মাস ধরে রাজ্যে বহু করোনা পজিটিভ মানুষের জিনোম সিকোয়েন্স করা হয়েছে । সেখানেই পজিটিভ আসে কয়েকজনের । বর্তমানে তার সংখ্যা দাঁড়িয়েছে ৩০ । বর্তমানে সারা দেশে কেপি-২ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ২৭২ । সব থেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে ।

একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে যে, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের নতুন এই সাব ভ্যারিয়েন্ট (Covid New Cases) । দেশের মধ্যে মহারাষ্ট্রে জানুয়ারি মাসে প্রথম ধরা পড়ে এই প্রজাতি । তবে এরপর সারাদেশেই ছড়িয়ে পড়ে এই ভাইরাস । তেমনভাবে এবার বাংলাতেও এই ভাইরাসের হদিশ মিলেছে । প্রায় ৩০জন আক্রান্ত । কিন্তু সকলেই স্থিতিশীল । চিকিৎসকের মতে, এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই । এর মারণ ক্ষমতা রয়েছে বটে তবে বিরাট আশঙ্কার কারণ নেই । একটি মহামারী শেষ হলে এমন বহু প্রজাতিতে ভেঙে যায় । তবে টিকা নেওয়ার দরুন সকলের মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে ।

এই রোগের লক্ষণ হিসাবে চিকিৎসকের জানান, করোনার সময় যে সব সমস্যা দেখা দিত সেইগুলোই এরও লক্ষণ । যেমন – কাঁপুনি দিয়ে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা থেকে শুরু করে সারা শরীরে যন্ত্রণা । চিকিৎসকদের কথায়, এই সময় মূলত পুরনো অভ্যাস ফিরিয়ে আনা দরকার । এই বিষয়ে চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্যায় জানান, যাঁদের কো-মর্বিটি আছে তাঁদের সাবধানে থাকতে হবে । সর্দি-কাশি হলে মাস্ক ব্যবহার করা ভালো । যতটা সম্ভব ভিড় এড়িয়ে চললেই সুবিধা । আর স্যানিটাইজার বা হাত ধোয়ার অভ্যাসগুলো আমাদের কোনও নির্দিষ্ট সময়ের জন্য নয়, সারাজীবন সঙ্গে রাখা দরকার।