বাঁকুড়ায় বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই আরোহীর

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর৷ মৃতদের নাম অমিত দাস ও সুমন ভট্টাচার্য। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর তারাপুরের কাছে।

স্থানীয় সূত্রে খবর, ওই দিন রাতে মেজিয়ার বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে চেপে দূর্লভপুর থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর মেজিয়ার তারাপুরের কাছে একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। খবর পেয়ে রাতেই মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

এই ঘটনার প্রতিবাদে ও মৃতদের পরিবারের ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার সকাল থেকে পথ অবরোধ করেন এলাকার মানুষ। আটকে পড়ে বহু যাত্রী ও পণ্যবাহী যানবাহন। পরে পুলিশি আশ্বাসে এই অবরোধ উঠে যায়।

পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত, ঘাতক গাড়ি চিহ্নিতকরণের চেষ্টা চলছে৷ পাশাপাশি মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here