Halisahar:ষড়যন্ত্রের শিকার! মিথ্যা অপবাদে বিদ্ধ বিজেপি কর্মীর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

হালিশহর: রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যবসায়িক বিবাদ? বীজপুর বিধানসভার হালিশহর (Halisahar) উত্তর প্রসাদ নগরের বাসিন্দা তথা বিজেপি কর্মী বিপুল সিংকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক প্রতারণা ও চাকরি দেওয়ার নামে দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন বিপুলবাবু। উল্টে যারা সামাজিক মাধ্যমে ও এলাকায় তাঁর নামে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, কাঁচরাপাড়া মিলন নগরের বাসিন্দা কালীপদ ঘোষ নামে এক ব্যক্তির সঙ্গে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত একটি ‘ফান্ড’ ব্যবসায় যুক্ত ছিলেন বিপুল সিং। অভিযোগ, ২০২৪ সালের জুলাই মাসে হঠাৎ করেই কালীপদবাবু বীজপুর থানায় বিপুলের বিরুদ্ধে মোটা অঙ্কের আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন।

বিপুল সিংয়ের দাবি,২০২১ সাল থেকে ব্যবসা চললেও অভিযোগ জানানো হয়েছে অনেক পরে।অভিযোগ দায়েরের প্রায় দু’বছর পর গত ৬ই জানুয়ারি মাঝরাতে পুলিশ তাঁর বাড়িতে আসে এবং তিনি আদালতের প্রতি আস্থা রেখে আত্মসমর্পণ করেন এবং বর্তমানে তিনি জামিনে মুক্ত।

তবে কি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ?

বিপুলবাবুর অনুমান, তিনি বিরোধী দল বিজেপির সক্রিয় কর্মী হওয়ার কারণেই শাসকদলের মদতে তাঁকে বারবার হেনস্থা করা হচ্ছে।তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই পুরনো ব্যবসায়িক অংশীদারকে দিয়ে এই মিথ্যা মামলা করানো হয়েছে। শুধু আর্থিক প্রতারণাই নয়, কিছু ব্যক্তি তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার যে অভিযোগ তুলেছেন, তাকেও ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বিপুল সিং স্পষ্ট জানিয়েছেন, যারা কোনো প্রমাণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে কুৎসা রটাচ্ছেন এবং সামাজিকভাবে তাঁকে হেয় করার চেষ্টা করছেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তিনি তাঁদের বিরুদ্ধে মানহানির মামলাসহ কঠোর আইনি পদক্ষেপ নিতে চলেছেন।

বিপুল সিংয় জানান, “চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে। আদালতের ওপর আমার পূর্ণ আস্থা আছে। যারা তিলকে তাল করে আমায় বদনাম করছে, তাদের প্রত্যেককে আইনের কাঠগড়ায় দাঁড় করাব।”