কলকাতা: টানটান উত্তেজনা আর শেষ মুহূর্তের রোমাঞ্চে পর্দা নামল ৪৭তম অল ইন্ডিয়া মেজর পোর্টস হকি চ্যাম্পিয়নশিপের। শুক্রবার কলকাতার মাঠে আয়োজিত এই মেগা ফাইনালে স্বাগতিক শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টকে (SMPK) ৪-৩ গোলে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নিল ভিওসি তুতিকোরিন (VOC Tuticorin)।
এদিন ফাইনালের শুরু থেকেই ছিল গতির লড়াই। ঘরের মাঠে এসএসপিকে দুর্দান্ত প্রতিরোধ গড়লেও তুতিকোরিনের আক্রমণাত্মক কৌশলের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় তাদের। ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত দুই দলের লড়াই ছিল সমানে সমান, তবে শেষ মুহূর্তের দক্ষতায় জয় নিশ্চিত করে তুতিকোরিন। অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চেন্নাইয়ের সিএইচপি-কে ৫-৩ গোলে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছে এমবিপিএ মুম্বাই।

টুর্নামেন্ট শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সেরাদের পুরস্কৃত করা হয় যাঁদের তাঁরা হলেন –
. সর্বোচ্চ গোলদাতা: এস. কৃষ্ণা (ভিওসি তুতিকোরিন)
. সেরা খেলোয়াড়: রণিত এক্কা (এসএসপিকে, কলকাতা)
. সেরা গোলরক্ষক: এস. মানব (ভিওসি তুতিকোরিন)
খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন ভারতীয় হকির কিংবদন্তি গুরবক্স সিং। এছাড়াও উপস্থিত ছিলেন এসএসপিকে-র চেয়ারম্যান রথেন্দ্র রমন এবং ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি।

এদিনের খেলা শেষে উল্লেখ্যযোগ্য ভাবে খেলোয়াড়দের উৎসাহ দিতে এক বড় ঘোষণা করেন চেয়ারম্যান রথেন্দ্র রমন। তিনি জানান, পোর্ট ট্রাস্ট এখন থেকে হকি, সাঁতার, বাস্কেটবল, ভলিবল এবং অ্যাথলেটিকসের মতো ইভেন্টগুলোতে ‘স্পোর্টস কোটা’ নিয়োগে বিশেষ জোর দিচ্ছে। মেধার ভিত্তিতে যোগ্য ক্রীড়াবিদদের সরাসরি চাকরির সুযোগ দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এসএসপিকে-র স্পোর্টস অফিসার সুহাস ভট্টাচার্য বলেন, “টানা দুই বছর সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন আমাদের ক্রীড়ামনস্কতারই পরিচয় দেয়। এই ধরনের প্ল্যাটফর্ম খেলোয়াড়দের অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়ক হবে।”
এই টুর্নামেন্ট কেবল হকি প্রতিভার বিকাশই ঘটায়নি, বরং ভারতীয় বন্দরগুলোর মধ্যে সৌহার্দ্য ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন নজির স্থাপন করেছে।








