রাত পোহালেই বিশ্বকাপের ময়দানে নামতে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের প্রিয় ফুটবলার মেসির পায়ের জাদু দেখার জন্য। ম্যাচের ঠিক একদিন আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা দলের হয়ে উপস্থিত ছিলেন কোচ স্কালোনি ও অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামতে যাওয়া মেসিকে দলের ‘সবচেয়ে মৌলিক ও অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে বর্ণনা করেছেন তাঁরা।
সাম্প্রতিক সময়ে পেশির হালকা টান বা স্ট্রেনের কারণে মেসির খেলা নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, সংবাদ সম্মেলনে তা এক ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি স্পষ্ট নিশ্চিত করেছেন যে মেসি এখন সম্পূর্ণ সুস্থ এবং আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন।

গত ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে বিশ্রামে রেখে বেঞ্চে বসানো হয়েছিল। তবে এর পরের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে পেনাল্টি থেকে দারুণ একটি গোলও করেন তিনি। মেসি দলে থাকা কোনো বাড়তি চাপ কি না—এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘শুধু আর্জেন্টাইনরাই নয়, আমার মনে হয় পুরো বিশ্বের ফুটবলপ্রেমীরাই ওকে মাঠে দেখতে চায়, ওর খেলা উপভোগ করতে চায়। কেরিয়ারে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন শারীরিক কন্ডিশনে ও খেলেছে, কিন্তু আমাদের দলে ওর প্রভাব কখনোই কমেনি। মেসি সবসময় আমাদের সাথে ছিল এবং সে আমাদের জন্য অপরিহার্য। এখন এই গুরুত্ব আরও অনেক বেশি।’
লিওনেল মেসির মতো নিজের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন ৩৮ বছর বয়সী ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। তাঁর মুখে শোনা গেল মেসি বন্দনা। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতি রোমন্থন করে ওতামেন্দি মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে আখ্যায়িত করেন।
মেসির সতীর্থের কথায়, ‘আমরা একসাথে অনেক সুন্দর মুহূর্ত পার করেছি। এত বড় তারকা হওয়ার পরও ও অত্যন্ত সাধারণ একজন মানুষ, যে ক্যাম্পের প্রতিটি অনুশীলন দারুণভাবে উপভোগ করে এবং নিজেকে প্রস্তুত করে। মাঠের ভেতরে ও এক ‘প্রতিযোগিতাপ্রিয় দানব’। ওর এই জেদ বাকিদেরও তাড়িত করে যাতে কেউ গা ভাসিয়ে না দেয়। আমাদের দায়িত্ব ওর পাশে থাকা, ওকে সমর্থন করা এবং মাঠে সাহায্য করা।’








