Baranagar: সরকারি হাসপাতালে তৃণমূলের দলীয় কার্যালয়! তৃণমূল পতাকা উড়তেই বাধা বিজেপি-র

পল্লব হাজরা,বরানগর: গত বৃহস্পতিবার বরানগর সরকারি হাসপাতালে আচমকা পরিদর্শনে আসেন বিধায়ক সজল ঘোষ। হাসপাতালে পরিকাঠামো দেখে বেজায় ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতাল থেকে বেড়ানোর পথে চোখে পরে তৃণমূলের দলীয় কার্যালয়। হাসপাতালের ভিতর পার্টি আফিস কেন? এ বিষয় নিয়ে সুপারকে কড়া পদক্ষেপ নিতে বলেন সজল।

বৃস্পতিবার ঘটনার খবর কানে যেতে হাসপাতল চত্ত্বরে থাকা তৃণমূল কার্যালয়ে ছুটে আসেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক সহ ৩ কাউন্সিলর। সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে অপর্ণা মৌলিক দাবি করেন কার্যালয়টি দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস এর কেন্দ্রীয় কার্যালয়। বহু নির্বাচন পরিচালনার সাক্ষী এই কার্যালয়।

শুক্রবার স্থানীয় বিজেপি কর্মীরা এসে তৃণমূলের পতাকা সরিয়ে দিয়ে দাবি করতে থাকে হাসপাতালের জমিতে কোনো পার্টি অফিস থাকতে পারে না। বরানগর বিজেপি ৪ নম্বর মন্ডল সভাপতি সৌমেন মিস্ত্রি-র দাবি নির্বাচনে পর বরানগর স্টেট জেনারেল হাসপাতাল রাজনৈতিক দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এ বিষয় আলোচনাও হয়। তবে গত বৃহস্পতিবার এলাকার বিধায়ক হাসপাতাল পরিদর্শনে আসেন। ঠিক সেই দিন রাতেই বিজেপির সৌজন্যতাকে দুর্বলা দেখিয়ে বরানগর পুরসভার চেয়ারপার্সন সহ তিন কাউন্সিলর হাসপাতাল চত্বরে থাকা তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা টাঙিয়ে দেয়। ঘটনার প্রতিবাদ করে তাই হাসপাতালকে ফের রাজনৈতিক দখলমুক্ত করা হলো।

যদিও এই বিষয়ে খবর এই সময় এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তৃণমূল নেতৃত্বের উত্তর মেলেনি।