এভারেস্টগামী দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটকের মৃত্যু, ভিডিও প্রকাশ্যে

মঙ্গলবার সকালে নেপালের সোলুখুম্বু জেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। অবতরণের সময় দুটি হেলিকপ্টারের রোটর ব্লেডের মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় একজন ভারতীয় পর্যটক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে ফেরিচের হেলিপ্যাডে এই দুর্ঘটনাটি ঘটে। দুটি হেলিকপ্টারই ফিশটেইল এয়ার এবং ডাইনেস্টি এয়ারের ছিল। দুর্ঘটনার একটি ভিডিও সামনে এসেছে যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।

দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ভারতীয় নাগরিককে ফিশটেইল এয়ারের হেলিকপ্টারের যাত্রী বসন্ত কুমার বলরামরুডু হিসেবে শনাক্ত করা হয়েছে। জেলা পুলিশ অফিসের পরিদর্শক মৌসুম তামাং জানান, এই দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেলও আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত শৈলেশ কৃষ্ণ প্যাটেলকে প্রভু এয়ারের একটি হেলিকপ্টারযোগে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় উভয় হেলিকপ্টারের পাইলটরাও সামান্য আহত হন এবং উন্নত চিকিৎসার জন্য তাঁদের কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়।

জেলা পুলিশ দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটের দিকে খুম্বু পাসং লামু গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফেরিচেতে দুটি হেলিকপ্টার অবতরণের সময় সেগুলোর রোটর ব্লেডের মধ্যে সংঘর্ষ হয়। সোলুখুম্বু জেলা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাভিন রাজা বুধাথোকি এএফপিকে জানান, এই ঘটনায় একজন বিদেশি নাগরিক ঘটনাস্থলেই মারা যান এবং আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুলও দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কর্মকর্তারা ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। দুর্ঘটনার পরিস্থিতি ও অন্যান্য দিক নিয়ে বর্তমানে একটি তদন্ত চলছে।