Shootout: দুষ্কৃতীদের গুলিতে জমি ব্যবসায়ী খুন

 

নিজস্ব সংবাদদাতা: বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে জমি ব্যাবসায়িকে গুলি করে খুন। সোমবার রাতে দত্তপুকুর থানার বামনগাছি কাশিমপুর নতুনপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম মন্মথ মন্ডল(৫৫)।

 

স্থানীয় সূত্রে খবর এদিন সন্ধ্যায় কিছু দুষ্কৃতী তাকে গুলি করে খুন করেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

 

প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে দাবি জমি ব্যবসা নিয়েই বিবাদ বা শত্রুতার জেরে খুন করা হয়েছে মন্মথকে। এদিন কাশিমপুর নতুনপাড়া এলাকায় মন্মথের বাড়ি ফিরতি পথে খেজুরতলা নামের একটি অন্ধকার জায়গায় দুষ্কৃতীরা তাঁকে খুন করে। পুলিশের অনুমান দুষ্কৃতীরা আগে থেকেই তাঁকে খুনের ছক কষে রেখেছিল, সেই মত মন্মথ ওই পথ দিয়ে বাড়ি ফেরার সময়ই তাকে উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি করা হয় বলে দাবি পুলিশের।

 

পল্লবী দেশমুখ নামে এক প্রতিবেশী বলেন, “ সন্ধ্যার পর ওই এলাকাটা দুষ্কৃতীদের মুক্তস্থল হয়ে ওঠে ” এমনকি ওই এলাকার পঞ্চায়েত সদস্য অমর বোঝার দাবি বারবার আলো লাগানো সত্ত্বেও ভেঙে ফেলা হয় পোস্টের লাইট। এবিষয়ে পুলিশকেও জানানো হয়েছিল, তিনি আরও বলেন, “ অভিযোগের পর মাঝে মাঝেই পুলিশি টহলদাড়ি গাড়ি আসত ওই এলাকায় ”

 

মৃতের পরিবারের পক্ষে তাঁর ছেলে কমলেশ মন্ডল বলেন, “ ৫ মাস ধরে বাবার কোনো কাজ ছিল না, কয়েকদিন আগেই বাবার কাছে একটা কাজ এসেছিল, এবং ওই কাজ করেই তাঁর সমস্ত দেনা শোধ করবেন বলে জানিয়েছিলেন বাবা, তারপরেই এমন ঘটনা । ” দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন পরিবারের বাকি সদস্য সহ স্থানীয়রাও। এই ঘটনায় এখনও কোনো অভিযুক্ত গ্রেফতার হয়নি বলেই পুলিশ সূত্রে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here