BIG Boss: ক্যাপ্টেন্সি ঘিরেই সংঘাতের সূত্রপাত: শুরুতেই বিগ বস বাংলায় ভরত-তনুশ্রী জোর তরজা

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে পর্দায় ফেরা ‘বিগ বস বাংলা সিজন ৩’ (BigBoss) শুরু থেকেই দর্শকদের মনে কৌতূহল বাড়িয়ে তুলেছে। Banijay Asia (পূর্বতন Endemol Shine India)-র প্রযোজনায় শুরু হওয়া এই শো-এর প্রথম ক্যাপ্টেন নির্বাচন ঘিরে তৈরি হয়েছে টানটান উত্তেজনা, যার রেশ এখন সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম— সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সহ-প্রতিযোগীদের ভোটে ঘরের প্রথম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন অভিনেতা ভরত কৌল। এই দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সোনামণি সাহা, সৃজলা গুহ, মোনামি ঘোষ, সায়ক চক্রবর্তী, নন্দিনী দত্ত এবং তনুশ্রী রায় দাস। শো-এর নিয়ম অনুযায়ী নিজেকে ভোট দেওয়ার সুযোগ না থাকায় অন্যদের সমর্থন টানতে গিয়েই প্রথম থেকেই মতবিরোধের আবহ তৈরি হয়।
ভোটের শুরুতেই অশান্তির আবহ
ক্যাপ্টেন নির্বাচনের সময় নন্দিনী যখন নিজের যোগ্যতা তুলে ধরছিলেন, তখন আচমকা সোফা ছেড়ে ওঠেন ভরত। কারও বক্তব্য চলাকালীন মাঝপথে উঠে যাওয়া অনুচিত বলে তৎক্ষণাৎ আপত্তি তোলেন মোনামি। এরপরেই সায়ক নিজের ভোট কাকে দেবেন তা নিয়ে ভাবার সময় সৃজলা তাঁর সঙ্গে কথা বলতে শুরু করলে ফের সরব হন মোনামি। সৃজলা সায়ককে অন্যায়ভাবে ‘প্রভাবিত’ করার চেষ্টা করছেন বলে সরাসরি অভিযোগ তোলেন তিনি।
‘আপনার নেতৃত্ব মানব না’ — ভরত-তনুশ্রী সংঘাত
ভোটে জিতে ভরত ক্যাপ্টেন হলেও সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। প্রকাশিত সাম্প্রতিক প্রোমোয় দেখা যায়, তনুশ্রী রায় দাস প্রকাশ্যেই ভরতের নেতৃত্ব মানতে অস্বীকার করেছেন। তনুশ্রীর স্পষ্ট মন্তব্য— “আপনি একজন খারাপ মানুষ। যে নিজের ভাষার উপরেও নিয়ন্ত্রণ রাখতে পারেন না, সে কীভাবে ক্যাপ্টেন হতে পারে? আমি আপনার কর্তৃত্ব মানব না। পুরো মেয়াদে আমি আপনাকে ক্যাপ্টেন বলে মানবই না।” পাল্টা প্রতিবাদ জানান ভারতও, যা ঘরের উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বাকি সদস্যদের তালিকা
ভরত কৌল ছাড়াও এই মুহূর্তে বিগ বসের ঘরে রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত, আলেক্সান্দ্রা টেলর, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোহিনী পাল, জয়িতা চট্টোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, সোনামণি সাহা, সৃজলা গুহ, মোনামি ঘোষ, সায়ক চক্রবর্তী, নন্দিনী দত্ত এবং তনুশ্রী রায় দাস।
Big Boss Bangla season 3
কখন ও কোথায় দেখা যাবে
প্রতিদিন রাত ৯:৩০টায় ‘স্টার জলসা’য় সম্প্রচারিত হচ্ছে ‘বিগ বস বাংলা সিজন ৩’। পাশাপাশি সম্প্রচার দেখা যাচ্ছে ‘JioHotstar’-এ, যেখানে রয়েছে ২৪x৭ লাইভ ফিড দেখার সুবিধাও।
ক্যাপ্টেন্সির শুরুতেই তৈরি হওয়া এই তীব্র সমীকরণ ঘরের রাজনীতিকে কোন পথে নিয়ে যায় এবং ভারত তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন কি না, এখন সেদিকেই নজর দর্শকদের।