পল্লব হাজরা, কলকাতা: গ্রেফতারির আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। বউবাজার থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একটি প্রতারণার মামলায় রক্ষাকবচ পেতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত সূত্রে খবর, আগামী ১৭ জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ দীর্ঘ। তবে সম্প্রতি বউবাজার থানায় তাঁর ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে।
ইউনেস্কোর নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ
আন্তর্জাতিক পর্যটন সংস্থা ‘মেঘদূত ফাউন্ডেশন’-এর কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় ও সগুনা মুখোপাধ্যায়ের অভিযোগ, কলকাতার দুর্গাপুজোর ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতিকে হাতিয়ার করে একটি বড়সড় বাণিজ্যিক চক্র চালানো হচ্ছিল। পুজো মণ্ডপগুলিতে বিশেষ ‘প্রিভিউ-শো’ বা আগাম দর্শনের নামে চড়া দামে ভিআইপি টিকিট বিক্রির পরিকল্পনা করা হয়। অভিযোগ, এই পুরো প্রক্রিয়ায় বেআইনিভাবে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এই মর্মে কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং বউবাজার থানায় বিস্তারিত অভিযোগ জমা পড়ে। কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ দায়ের হয়েছে এবং গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
বিতর্কের লম্বা তালিকা
প্রাক্তন এই মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভের পারদ কিন্তু এখানেই থমকে নেই। বিধানসভা নির্বাচনের ঠিক আগেই হুগলির সিঙ্গুরে কৃষি জমির চরিত্র বদল না করেই ইন্দ্রনীল সেনের স্ত্রীর নামে বিলাসবহুল বাগানবাড়ি ও সুইমিং পুল নির্মাণের অভিযোগ উঠেছিল। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা সেই মামলাটি এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন।
এর পাশাপাশি, গানের জগতেও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে একাধিপত্য ও ‘সিন্ডিকেট’ চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হয়ে বিশিষ্ট গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সরাসরি দাবি করেন, সংগীত দুনিয়ায় রীতিমতো সিন্ডিকেট রাজ চালাতেন ইন্দ্রনীল সেন। উল্লেখ্য, বিনোদন ও টলিউড জগতে একই ধরনের সিন্ডিকেট চালানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস।
কোণঠাসা রাজ্যের প্রাক্তন মন্ত্রীরা
রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটতেই পূর্বতন শাসকদলের একের পর এক প্রভাবশালী নেতা-মন্ত্রীর বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। বিভিন্ন থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি পুলিশও দ্রুত পদক্ষেপ করছে। ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন মমতার আমলের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। গ্রেফতার হয়েছেন একাধিক তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন বিধায়কও। এই পরিস্থিতিতে আইনি জটিলতা ও পুলিশের সম্ভাব্য গ্রেফতারি এড়াতে এবার কোমর বাঁধছেন গায়ক-রাজনীতিক ইন্দ্রনীল সেন। আগামী ১৭ জুন আদালত তাঁকে স্বস্তি দেয় নাকি তাঁর অস্বস্তি আরও বাড়ে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।








