রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

রাশিয়া আবারও ইউক্রেনকে কাঁপিয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি এলাকায় প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার কিছুক্ষণ আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়েছিলেন যে, রাশিয়া একটি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। কিয়েভের সামরিক প্রশাসনের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এই হামলায় কিয়েভে একজন নিহত হয়েছেন।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের দনিপ্রো এবং ক্রিভি রিহও রাশিয়ার আক্রমণের শিকার হয়েছে। এদিকে, ইউক্রেনের বিমান বাহিনী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে রাশিয়ার বিমান থেকে বেশ কয়েক দফায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হামলার প্রাথমিক দফার পর, ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করে যে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভের দিকে আসছে। কিয়েভের মেয়র বলেছেন যে আরও হামলার আশঙ্কা রয়েছে এবং তিনি জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন।

 

জেলেনস্কি কী বলেছিলেন?

রাশিয়ার হামলার আগে এক টুইটে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “বিমানবাহিনীর কমান্ডার আনাতোলি ক্রিভোনোঝকো আমাকে একটি প্রতিবেদন দিয়েছেন। রাশিয়া কয়েকদিন আগে থেকেই একটি বড় হামলার প্রস্তুতি নিচ্ছিল। এই হামলাটি আজ রাতেই সংঘটিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমাদের মিত্রদের জন্য এটা বোঝা অপরিহার্য যে কী ঘটছে, এবং জীবন বাঁচানো সরাসরি নির্ভর করছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের সহায়তা করার জন্য তাদের সদিচ্ছার ওপর। এটি প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেইসব মিত্রদের জন্য প্রযোজ্য, যাদের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যারা আমাদের সুরক্ষার জন্য তা সরবরাহ করতে সক্ষম। প্রত্যেক মিত্রই জানে কী প্রয়োজন এবং বিলম্বের পরিণতি বোঝে। অনুগ্রহ করে আজ ইউক্রেনের সকল অঞ্চলের বিমান হামলার সতর্কতার দিকে মনোযোগ দিন এবং নিরাপদে থাকুন।”