ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগে যুক্তরাষ্ট্র দুটি নতুন শর্ত দিয়েছে। একটি ইসরায়েলি সংবাদপত্রের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দিনের মধ্যেই তেহরানের সঙ্গে নতুন দফা আলোচনা পুনরায় শুরু হতে পারে। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, দ্বিতীয় দফার আলোচনাও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে । তিনি দাবি করেছেন যে, ওয়াশিংটন ‘সঠিক ব্যক্তিদের’ কাছ থেকে ফোন পেয়েছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়।
কিন্তু নতুন আলোচনা শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের দুটি শর্ত রয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েল হায়োম পত্রিকা জানিয়েছে, শর্ত দুটি হলো:
- প্রথম শর্ত: ওয়াশিংটন চায় হরমুজ প্রণালী সম্পূর্ণ ও বাধাহীনভাবে পুনরায় খুলে দেওয়া হোক। প্রতিবেদনে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ‘যেমন কুকুর তেমন মুগুর’ নীতি মেনে চলে। এর অর্থ হলো, ইরান যদি হরমুজ দিয়ে জাহাজ ও তেল ট্যাঙ্কারের চলাচলে বাধা দেয়, তবে তাদের নিজেদের জাহাজ ও ট্যাঙ্কারগুলোকেও যাতায়াতে বাধা দেওয়া হবে।
- যুক্তরাষ্ট্রের দ্বিতীয় শর্ত হলো, আলোচনা টেবিলে আসা যেকোনো ইরানি দলকে যেকোনো চুক্তি চূড়ান্ত করার জন্য ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কাছ থেকে পূর্ণ কর্তৃত্ব পেতে হবে। যুক্তরাষ্ট্র চায়, ইসলামাবাদে সম্পাদিত যেকোনো চুক্তিতে ইরানের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন থাকুক।
ইরানি সরকারের অভ্যন্তরে কি মতপার্থক্য রয়েছে?
প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের সরকারের মধ্যে বিভাজন বাড়ছে। এক পক্ষে রয়েছেন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ রাজনৈতিক নেতৃত্ব এবং অন্য পক্ষে রয়েছে ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনী। প্রতিবেদন অনুসারে, বিপ্লবী রক্ষীবাহিনীর দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আহমদ ভাহিদি এবং আলী আবদুল্লাহি, আমেরিকানদের জবাব দিতে আলোচনার জন্য পাকিস্তানে থাকা রাজনৈতিক দলকে অনুমতি দেননি।
এরপরে, পেজেশকিয়ান ইরানের দলের নেতৃত্বদানকারী সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফকে একটি দৃঢ় অবস্থান নিতে এবং “ইরানকে সম্পূর্ণ অর্থনৈতিক ধ্বংসের হাত থেকে বাঁচাতে” আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র এখন জানিয়েছে যে, তারা কেবল তখনই আলোচনায় ফিরবে, যদি তাদের সাথে বৈঠককারী রাজনৈতিক দলটির একটি সমঝোতায় পৌঁছানোর পূর্ণ ক্ষমতা থাকে।








