আমেরিকানদের কাছে চিঠি লিখে ট্রাম্পের ‘ইউএসএ ফার্স্ট’ নীতি নিয়ে প্রশ্ন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন জনগণকে একটি চিঠি লিখেছেন। এতে তিনি ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমালোচনা করে বলেছেন, ইরান কোনো দেশের জন্য হুমকি নয়। পেজেশকিয়ান মার্কিন জনগণকে ‘বিকৃতি ও মনগড়া গল্পের স্রোত’ উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের মাধ্যমে কার স্বার্থ রক্ষা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলার আহ্বান জানিয়েছেন। এই খোলা চিঠিতে পেজেশকিয়ান বুধবার মার্কিন জনগণকে সম্বোধন করে প্রশ্ন তুলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিটি ‘আজও কি মার্কিন সরকারের কাছে সত্যিই অগ্রাধিকারের বিষয়’?

এই যুদ্ধের মাধ্যমে আমেরিকান জনগণের কোন স্বার্থ পূরণ হচ্ছে?

চিঠিতে ইরানের রাষ্ট্রপতি প্রশ্ন করেছেন, “এই যুদ্ধের মাধ্যমে আমেরিকান জনগণের কোন প্রকৃত স্বার্থ সাধিত হচ্ছে?” “নিরীহ শিশুদের হত্যা, ক্যান্সার নিরাময়কারী ওষুধের কারখানা ধ্বংস, কিংবা একটি দেশকে ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানোর দম্ভ—এসব কি আমেরিকার বৈশ্বিক ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য সাধন করে?” 

ইরান কোনো দেশের জন্য হুমকি নয়

পেজেশকিয়ান তেহরানকে ‘হুমকি’ হিসেবে আখ্যায়িত করার বিষয়টিও অস্বীকার করেছেন। তিনি উল্লেখ করেন যে, ইরানি আলোচকরা যখন বহুপাক্ষিক পারমাণবিক আলোচনায় নিযুক্ত ছিলেন, তখন ইরান দুইবার আক্রান্ত হয়েছে। একবার ২০২৫ সালের জুন মাসে, যখন ইসরায়েল ১২ দিনের যুদ্ধ শুরু করে এবং যুক্তরাষ্ট্রও সংক্ষিপ্ত সময়ের জন্য সেই অভিযানে অংশ নেয়। দ্বিতীয় হামলাটি ঘটে এই বছরের ফেব্রুয়ারির শেষের দিকে। তিনি বলেন, “জ্বালানি ও শিল্প স্থাপনাসহ ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা সরাসরি ইরানি জনগণকে লক্ষ্যবস্তু করে। এটি যুদ্ধাপরাধ হওয়ার পাশাপাশি, এর পরিণতি ইরানের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত।” তিনি আরও লেখেন যে, এই ধরনের কর্মকাণ্ড অস্থিতিশীলতা সৃষ্টি করে, মানবিক ও অর্থনৈতিক ক্ষতি বাড়ায়, উত্তেজনার চক্রকে দীর্ঘায়িত করে এবং এমন ক্ষোভের বীজ বপন করে যা বছরের পর বছর স্থায়ী হতে পারে। এটি শক্তির প্রদর্শন নয়, বরং কৌশলগত বিভ্রান্তি এবং একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে অক্ষমতার লক্ষণ।

ট্রাম্পের হুমকির পর পেজেশকিয়ানের চিঠি

তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের সর্বশেষ হুমকির কয়েক ঘণ্টা পরেই ইরানের প্রেসিডেন্টের এই চিঠিটি এসেছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে, যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া না হয়, তবে যুক্তরাষ্ট্র ইরানকে “ধ্বংসের অতল গহ্বরে অথবা, যেমনটা বলা হয়, প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাবে!!!” মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন যে, ইরানের “নতুন শাসকগোষ্ঠীর প্রেসিডেন্ট” যুদ্ধ শেষ করার জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, যে দাবিটি ইরানি কর্মকর্তারা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। ইরানের প্রেসিডেন্ট এও জোর দিয়ে বলেছেন যে, অন্য কোনো দেশ বা মার্কিন জনগণের প্রতি ইরানের “কোনো শত্রুতা” নেই। 

পেজেশকিয়ান যুদ্ধ শেষ করার জন্য তিনটি শর্ত তুলে ধরেন

তার চিঠিতে পেজেশকিয়ান এ প্রশ্নও তুলেছেন যে, আমেরিকার বৃহত্তম মধ্যপ্রাচ্যের মিত্র ইসরায়েল ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য ট্রাম্প প্রশাসনকে “প্ররোচিত” করেছিল কি না। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক দশক ধরে ইরানকে আক্রমণ করার জন্য যুক্তরাষ্ট্রকে উস্কানি দিয়ে আসছেন এবং ওয়াশিংটন-তেহরান কূটনীতিকে ব্যাহত করারও চেষ্টা করছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর বেশ কয়েকটি হামলার দায়ও স্বীকার করেছে, যা সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে। 

আমেরিকাকে ইসরায়েলের প্রক্সি হিসেবে বলা হয়েছে

পেজেশকিয়ান তার চিঠিতে বলেছেন, “এটাও কি সত্যি নয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রক্সি হিসেবে এই আগ্রাসনে যোগ দিয়েছে?” তিনি আরও প্রশ্ন তুলেছেন, ইরানকে হুমকি হিসেবে চিত্রিত করে ইসরায়েল কি “ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার অপরাধ থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্য দিকে সরাতে” চায়? তিনি লিখেছেন, “এটা কি স্পষ্ট নয় যে ইসরায়েল এখন শেষ মার্কিন সৈন্য এবং শেষ মার্কিন করদাতার ডলার পর্যন্ত ইরানের সাথে লড়াই করতে চায়, এবং ইরান, সমগ্র অঞ্চল ও যুক্তরাষ্ট্রের ওপর তার ভ্রান্ত ধারণার বোঝা চাপিয়ে দিয়ে নিজের অবৈধ স্বার্থ চরিতার্থ করতে চায়?”