Baranagar: পথ নিরাপত্তা সপ্তাহের আবহেই বরানগরে চালক নিয়ন্ত্রণ হারাতেই উল্টে গেল বালি বোঝাই ডাম্পার, গুঁড়িয়ে গেল একাধিক দোকান

পল্লব হাজরা,বরানগর: দেশজুড়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন ও ট্রাফিক সচেতনতার প্রচার কর্মসূচির মাঝেই ফের খবরের শিরোনামে উত্তর চব্বিশ পরগনার বরানগর। রবিবার ভোরে বরানগরের বনহুগলি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালি বোঝাই ডাম্পার উল্টে গিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও বিটি রোড সংলগ্ন অন্তত ৬টি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ভোররাতের তাণ্ডব:
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, রবিবার ভোর আনুমানিক ৩টে ৩০ মিনিট নাগাদ দ্রুত গতিতে আসা বালি বোঝাই ডাম্পারটি বনহুগলি মোড়ের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারায়। সজোরে বিটি রোড সংলগ্ন রাস্তার পাশের দোকানগুলিতে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। ডাম্পারের তলায় ও আশপাশে ছড়িয়ে পড়ে টন টন বালি।
খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পৌঁছায় বরানগর থানার পুলিশ। পুলিশ ঘাতক ডাম্পারটির চালককে আটক করেছে এবং ঘাতক বাহনটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘাতক চালক মদ্যপ অবস্থায় ছিল নাকি গাড়ির যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
সর্বস্ব হারিয়ে চরম অনিশ্চয়তায় ব্যবসায়ীরা:
দুর্ঘটনার জেরে রাস্তার ধারে থাকা পর পর ৬টি দোকান গুঁড়িয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এক দোকানের মালিক কাজল দাস জানান, “ভোর চারটে নাগাদ খবর পেয়ে দোকানে ছুটে আসি। এসে দেখি পুরো দোকানটার ওপর বালি বোঝাই ডাম্পার উল্টে পড়ে রয়েছে। রাস্তায় চারদিকে শুধু বালি আর ধ্বংসস্তূপ। এভাবে দোকান ভাঙার ফলে এখন কীভাবে সংসার চালাব, ব্যবসা এগোবে বুঝে উঠতে পারছি না। উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আমরা চরম বিপদে পড়ব।”
ঘন ঘন দুর্ঘটনায় আতঙ্কিত বিটি রোড সংলগ্ন এলাকা:
বরানগর বিটি রোড ও তৎসংলগ্ন এলাকা যেন এখন দুর্ঘটনাপ্রবণ জোন হয়ে উঠেছে। চলতি মাসেই বরানগরের মল্লিক কলোনি এলাকায় এক ঘাতক লরির ধাক্কায় প্রাণ হারিয়েছিল একই পরিবারের দুই স্কুলপড়ুয়া। সেই ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই ফের এই বালি ডাম্পারের তাণ্ডব। একের পর এক বেপরোয়া গাড়ি চলাচল এবং ট্রাফিক নজরদারির গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
পথ নিরাপত্তা সপ্তাহের বার্তা:
রাজ্য জুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। এ উপলক্ষে শুভেন্দু অধিকারী এক বিশেষ বার্তায় পথ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “আসুন পথ নিরাপত্তা সপ্তাহে আমরা সকলে শপথ নিই—নিজের এবং অন্যের জীবনের নিরাপত্তার স্বার্থে ট্রাফিক আইন মেনে চলব, অন্যকেও সচেতন করব। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে দুর্ঘটনামুক্ত নিরাপদ ও সচেতন আগামী দিনের পশ্চিমবঙ্গ।”
তবে একদিকে যখন পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে ট্রাফিক সুরক্ষার বড় বড় বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে ঠিক তখনই রাজপথে বেপরোয়া ডাম্পারের এই তাণ্ডব পুলিশ ও ট্রাফিক প্রশাসনের নজরদারি ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।